দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ও কাজাখস্তানের সরকারপ্রধান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের (Olzhas Bektenov) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত প্রকাশ করেন। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার উজ্জ্বল সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি বেশ কয়েকটি সম্ভাবনাময় খাতে যৌথ সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি আদান-প্রদান, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত কথা বলেন দুই নেতা।
আলোচনাকালে পানি কূটনীতি (Water Diplomacy) নিয়ে জাতিসংঘের অধীনে একটি নতুন বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের একটি প্রস্তাব তুলে ধরেন ওলজাস বেকতেনভ এবং এতে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা নিশ্চিত করেন।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দুই দেশের প্রধানমন্ত্রীর এই ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও এক ধাপ এগিয়ে গেল।