যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যামকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে জানান, অভিনন্দনবার্তায় তারেক রহমান যুক্তরাজ্যের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। 

তিনি উল্লেখ করেন, বার্নহ্যামের এই বিজয় তার নেতৃত্ব এবং দর্শনের ওপর যুক্তরাজ্যের জনগণ ও দলের গভীর আস্থারই বহিঃপ্রকাশ।

তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে যুক্তরাজ্য বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন এবং গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে। 

তিনি দুই দেশের ঐতিহাসিক বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও কমনওয়েলথ নীতির ওপর গুরুত্বারোপ করেন।

অভিনন্দনবার্তায় বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করা হয়। 

এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দুই দেশের বন্ধুত্বের মূল সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অ্যান্ডি বার্নহ্যামের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন তারেক রহমান। 

বার্তা শেষে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)