দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি নিশ্চিত করা না গেলে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলো নিরাপদ, স্থিতিশীল ও আস্থাপূর্ণ পরিবেশ। সেই লক্ষ্যেই সরকার জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থানের ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। বিনিয়োগকারীরা সবসময় এমন পরিবেশে পুঁজি বিনিয়োগ করতে চান, যেখানে তাদের ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকে। জানমালের নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তাও নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে।
তিনি আরও বলেন, শুধু বিদেশি বিনিয়োগকারী নয়, দেশীয় উদ্যোক্তারাও নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করেই নতুন শিল্প ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। তাই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চলে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক ও সেতু করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।