হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত সংস্থা

২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে গুম করে র‍্যাবের টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার ভাষ্য, তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে শেখ হাসিনার নির্দেশনায় গুম করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিষয়েও তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।

এদিকে গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেল তদন্ত সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে গুম, তাকে টিএফআই সেলে আটকে রাখা এবং পরবর্তীতে ভারতে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে।