আজ ১৫ আগস্ট : সারা দেশে সর্বোচ্চ সতর্কতা

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে রাজধানীসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গোয়েন্দা তথ্যানুযায়ী, এই দিনটিকে ঘিরে কোনো বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা নেই।

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিশেষ দলগুলো প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল এবং কে-নাইন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান প্রবেশপথগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাইবার স্পেসে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো বা অপপ্রচার বন্ধে র‍্যাব ও ডিবির সাইবার প্যাট্রোলিং টিম সক্রিয় ভূমিকা পালন করছে। যেকোনো ধরনের উসকানিমূলক বা সন্দেহভাজন গতিবিধি রোধে বিভিন্ন স্থানে সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মতে, জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কোনো পরিবেশ নেই। সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র‍্যাবের সবকটি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।