বাংলাদেশের স্থাপত্যচর্চায় সৃজনশীলতা, উদ্ভাবন, জলবায়ু-সহনশীল নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করতে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। এ আয়োজনে টেকসই স্থাপত্য এবং সামাজিক প্রভাব ও প্রেক্ষাপট—দুটি বিভাগে একাধিক স্থাপত্য প্রকল্পকে পুরস্কার ও প্রশংসাসূচক স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থপতি, গবেষক ও লেখকদেরও সম্মানিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়। ডেল্টা অ্যাওয়ার্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি ড. নবনীতা ইসলাম। বিচারকমণ্ডলীতে ছিলেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের (Ar. Niklaus Graber)।
নদীবিধৌত বঙ্গীয় বদ্বীপের গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রার বৈশিষ্ট্যকে ধারণ করে গড়ে উঠেছে এ পুরস্কারের ধারণা। বদ্বীপের পলিমাটির মতো উর্বর সৃজনশীলতা, উদ্ভাবনী স্থাপত্যচর্চা, জলবায়ু-সহনশীল ও টেকসই নকশা এবং সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।
টেকসই স্থাপত্যে পুরস্কৃত তিন প্রকল্প
ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে দুটি প্রকল্প বিজয়ী এবং একটি প্রকল্প প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে।
বিজয়ী প্রকল্প দুটি হলো—জুবায়ের হাসান আর্কিটেক্টসের ‘কবিতা কুঞ্জ’ (Kobita Kunjo) এবং পারসিভের (Perceive) ‘রূপগাঁও’ (Rupgaon)। এ বিভাগে প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে রুফলাইনার্স_স্টুডিও অব আর্কিটেকচারের ‘ইন্টারিম হাউস’ (Interim House)।
সামাজিক প্রভাব ও প্রেক্ষাপটে ছয় প্রকল্পের স্বীকৃতি
‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে দুটি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো ইন্ডিজিনিয়াসের ‘মীর মঞ্জিল’ (Mir Manzil) এবং ফর্ম.থ্রি আর্কিটেক্টসের (FORM.3 Architects) ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ (Chawk Bazar Public Spaces & Park)। চকবাজারের এ প্রকল্পের স্থপতি হিসেবে মো. দিদারুল ইসলাম ভূঁইয়াও স্বীকৃতি পেয়েছেন।
এ বিভাগে আরও চারটি প্রকল্প প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে। এগুলো হলো—হাজারীবাগের ‘এআরএ’স অফিস’ (ARA’s Office, Hazaribagh), যার স্থপতি প্রতিষ্ঠান এটেলিয়ার রবিন আর্কিটেক্টস (Atelier Robin Architects); স্থা-কালপা আর্কিটেক্টসের (Stha-Kalpa Architects) ‘স্থা-কালপা অফিস’ (Stha-Kalpa Office); ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের (DWm4 Architects) ‘আল ফালাহ জামে মসজিদ’ (Al Falah Jame Mosque) এবং তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের (TARIQUE HASAN AND ASSOCIATES LTD.) ‘রাজউক কাঁচা বাজার’ (RAJUK Kancha Bazaar)।
বর্ষসেরা স্থপতি দিদারুল ইসলাম ভূঁইয়া, আজীবন সম্মাননা প্রয়াত রাজিউল আহসানের
স্থাপত্য প্রকল্পের পাশাপাশি স্থপতিদের অবদানকেও স্বীকৃতি দিয়েছে ডেল্টা অ্যাওয়ার্ড। এ পর্বে ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া।
বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।
স্থাপত্য গবেষণা ও প্রকাশনায় পুরস্কার
স্থাপত্যবিষয়ক গবেষণা ও প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ বিভাগে পুরস্কার ও প্রশংসাসূচক স্বীকৃতি দেওয়া হয়েছে তিনটি গ্রন্থকে।
এ বিভাগের জন্য পৃথক তিন সদস্যের জুরি বোর্ডে ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সেরাজুল হাকিম এবং স্থপতি আইদা হাসান।
বিজয়ী হয়েছেন স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ। তাঁর রচিত ও গবেষণাকৃত ‘Shamsul Wares: An Architecture of Elemental Modernism’ গ্রন্থটি এ পুরস্কার পেয়েছে।
প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে স্থপতি ড. মাহবুবুর রহমানের রচিত ‘OLD BUT NEW : NEW BUT OLD’ এবং স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেসের ‘Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area’ গ্রন্থ।
১২ নভেম্বর শুরু তিন দিনের ডেল্টা আর্কিটেকচার ফেস্টিভ্যাল
ডেল্টা অ্যাওয়ার্ড আয়োজনের ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি তাহমিদা আফরোজ। ১২ নভেম্বর উৎসবের উদ্বোধন করা হবে।
তিন দিনব্যাপী এ আয়োজনে স্থপতি, ডেভেলপার, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। উৎসবে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত প্রকল্প উপস্থাপনা।
মাস্টারক্লাসে দেশের অভিজ্ঞ স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা সমসাময়িক স্থাপত্যচর্চা, নকশার নতুন দৃষ্টিভঙ্গি, টেকসই স্থাপত্য, সৃজনশীল চিন্তা এবং পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন।
এ পর্বে স্থপতি ড. সাজিদ বিন দোজা—ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক—স্কেচিং ও সৃজনশীল ভাবনা নিয়ে মাস্টারক্লাস পরিচালনা করবেন। স্থপতি ও আলোকচিত্রী আসিফ সালমান আলোচনা করবেন স্থাপত্য ফটোগ্রাফিতে ফোকাল লেন্থ ও লেন্সের প্রভাব নিয়ে। আর কিউরেটর ও শিল্পী ওয়াকিলুর রহমান তুলে ধরবেন শিল্প, নকশা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক।
‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে থাকছেন যাঁরা
উৎসবের ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ পর্বে সমসাময়িক স্থাপত্যচর্চা, টেকসই নকশার দর্শন, উদ্ভাবনী সৃজনশীলতা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থপতিরা।
এতে অংশ নেবে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টস (DWm4 Architects)। প্রতিষ্ঠানটির পক্ষে থাকবেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী ও স্থপতি শাওকি শামীম।
ফ্রেমওয়ার্কের (FrameWork) পক্ষে অংশ নেবেন স্থপতি ফয়সাল কবির (হিমুন) ও স্থপতি অনুপ কুমার বসাক। এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের (Ehsan Khan Architects Ltd) পক্ষে থাকবেন স্থপতি এহসান খান। নকশাবিদ আর্কিটেক্টসের (Nakshabid Architects) পক্ষে অংশ নেবেন স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।
এ ছাড়া উৎসবে বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বইয়ের প্রদর্শনী এবং আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন থাকবে।
আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এ আয়োজন করছে। উৎসবের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এর কৌশলগত অংশীদার বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী
দেখতে নেতানিয়াহুর মতো! দোকান থেকে পণ্য না কেনার আহ্বান
বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় নিহত ৩
ভারতে বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক