রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ৪৮২ জনের মধ্যে- রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হিরোইন ও ৩২ কেজি গাঁজা।
কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।