বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেন নতুন দায়িত্ব নেওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নতুন দায়িত্ব নেওয়া চার মন্ত্রী ও উপ-মন্ত্রীরা । পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রীরা।
এ সময় ড. আবদুল মঈন খান আরো বলেন, বিএনপি বারবার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন।’
মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে মঈন খান বলেন, ‘দেশের একটি ক্রান্তিকালে মানুষ যখন দিক-নির্দেশনাহীন ছিল এবং স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় এসেছিল, তখন নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করা একটি রাজনৈতিক দল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
নতুন প্রজন্মের কাছে এসব ইতিহাস তুলে ধরা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আর বিএনপি প্রতিবারই নতুন করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ দুপুর পৌনে ১টার দিকে স্মৃতিসৌধে পৌঁছান। তিনি দুপুর ১টা ৫২ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা পৃথকভাবে স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।