হাদি হত্যা মামলার ফয়সাল ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের আবেদনটি আদালতে উপস্থাপন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার জাহান রুমি।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।

এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের একটি কারাগারে আটক রয়েছেন।