শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও চারজন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

আইএসপিআর থেকে জানানো হয়েছে, সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও হতাহতদের পরিচয় অনুসন্ধানের কাজ চলছে।

তদন্ত শেষে ঘটনার বিশদ বিবরণ এবং নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: আইএসপিআর