কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী দলের জিম্মিদশা থেকে নাগরিকদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে। এতে সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অভিযান চলাকালে যৌথ বাহিনী ৫ জন মানবপাচারকারীকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা ও জিম্মি উদ্ধার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল সেখানে দ্রুত পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গুলিবিনিময়ে সেনাসদস্যের আত্মত্যাগ ও অস্ত্র উদ্ধার
গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকারী চক্রের ৫ জন সদস্যকে হাতেনাতে আটক এবং জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর শোক প্রকাশ
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, "দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।"