দেশের জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বিরোধী দলের লংমার্চ কর্মসূচিতে বিপুলসংখ্যক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে তেল ও গ্যাস নেই বলা হলেও দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিরোধীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে গিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
তিনি বলেন, বিএনপি সরকারের হাত ধরেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে।
বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজন হলে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।
সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা উচিত।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবার অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।
তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজ শরীফ এবং নগরকান্দা পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান উপস্থিত ছিলেন।