পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের পুনর্নিয়োগ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিআইবি আইন অনুযায়ী ফারুক ওয়াসিফকে যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে চুক্তিভিত্তিকভাবে মহাপরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

তবে নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের সময়ে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখার সুযোগও থাকবে না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।