সাভারে অনুমোদনহীন আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান রাজউকের

রাজধানীর সাভারে কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পের দুইতলা একটি সাইট অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিদ্যুৎ মিটার। এ ছাড়া প্রকল্পের বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপও ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

রাজউক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত জমি ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে।

অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ প্রকল্পের ভেতরে কৃষি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে প্রকল্পটির দুইতলা সাইট অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে একটি বিদ্যুৎ মিটার জব্দ এবং বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়।

এ ছাড়া প্রকল্পটির পাশে বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’-এর বিলবোর্ডও উচ্ছেদ করা হয়েছে।

রাজউক জানিয়েছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিচালিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

সংস্থাটি সাধারণ মানুষকে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা কিংবা বুকিং দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

অভিযানে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মো. সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার, শাহীনুর রহমান ও তৌকির আহমেদসহ সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো ও সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। অভিযানে পল্লী বিদ্যুতের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।