জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন এবং তাদের উৎসাহ দেন।

জাপান সফরে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উচ্চপর্যায়ের বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতেও এ ধরনের যোগাযোগ ভূমিকা রাখতে পারে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।