বৃহস্পতিবার বাহুবলে যাচ্ছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি সফরে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকটি বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (৩ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে পৌঁছেছেন প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বুধবার (৪ নভেম্বর) মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার বাহুবল যাবেন তিনি।

প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

ইউএনও উজ্জ্বল রায় জানান, বাহুবলে পৌঁছে উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। পরে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশে রওনা হবেন ববি হাজ্জাজ। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে বাহুবলের প্রাথমিক শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমইউ
আরও পড়ুন