জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নেতৃত্ব ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে সরিয়ে মূলধারায় নিয়ে আসতে হবে। তাঁর ভাষায়, নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।

‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) এবং ইউএন উইমেনের একটি বিশেষ উদ্যোগ। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।

আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় এবং পরস্পরসম্পর্কিত ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সমাধান খুঁজে বের করা এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য। নারী নেতৃত্বকে আরও কার্যকরভাবে সামনে আনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ও এতে গুরুত্ব পায়।