তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ সোফি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর।

সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের মতো অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারত্বের বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডাচেস। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কেও জানবেন তিনি। এ ছাড়া শরণার্থীদের মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম পরিদর্শন করবেন। বাস্তুচ্যুতির মধ্যেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা সরেজমিনে দেখবেন ডাচেস।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তাঁর সেই কর্মসূচির অংশ।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস সোফি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত