জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের পর এবার বাড়ানো হলো লঞ্চের ভাড়াও। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নির্ধারিত এই ভাড়া প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সার্বিকভাবে লঞ্চ ভাড়া বেড়েছে প্রায় ৮ শতাংশ।
নতুন নিয়মে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাড়ল ২২ পয়সা।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এখানে বেড়েছে ১৯ পয়সা।
কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া ৭.৪৬ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৭.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
ভাড়ার এই নতুন হার দেশের প্রতিটি নদী বন্দরের টার্মিনাল এবং সব নৌযানের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী সরকার যাত্রী পরিবহনে সর্বোচ্চ ও সর্বনিম্ন এই নতুন ভাড়া নির্ধারণ করেছে।
সূত্র: নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন।