জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ড. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

চার দিনের এই সফল সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি শীর্ষ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এসব বৈঠকে বাংলাদেশের সার্বিক জাতীয় স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্য, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক ভূ-রাজনীতি, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পায়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ড. জুবাইদা রহমান আটটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। তিনি ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ ও ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগসহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখে বাংলাদেশের নারী ও শিশু স্বাস্থ্যের অগ্রগতি তুলে ধরেন।