বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সদস্যদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য সাতজন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাঁদের এই অর্জন কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠাকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত সদস্যদের এ অর্জন বাহিনীর অন্য সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।