ইউপি নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচনের বিভিন্ন ধাপের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয় রয়েছে।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিবিধ বিষয়েও আলোচনা হবে।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, কমিশন সভায় নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঠিক করে ঘোষণা করা হবে। নির্বাচন কতটি ধাপে এবং কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে, তা সেখানেই নির্ধারণ করা হবে।

ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে সরাসরি ঘোষণা করা হবে না বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, কমিশন নির্বাচনের ধাপগুলোর সময়সূচি নির্ধারণ করে দেবে। পরে মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

শুরুতে যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার।