ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী- কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাইয় করবেন ৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ইসি সচিব জানান, এই উপনির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত