সিনিয়র সচিবের মর্যাদা পেলেন তিন সচিব

শিক্ষাসহ দুটি মন্ত্রণালয় ও একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করা এই তিন কর্মকর্তার পদমর্যাদা উন্নীত করে বুধবার (১৪ অক্টোবর) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।