ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে প্রশাসনের কাজে কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ধীরগতি বজায় রাখছেন কি না, সে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রশাসনের কেউ ডিসেম্বরের অপেক্ষায় আছেন কি না, তা জানতে চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনের করণীয় নিয়েও কথা হয়। দিনের কর্মসূচি শুরুর পর নোটিশ দিয়ে দুপুরে সভাটি ডাকা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দার সভার নোটিশ পাঠান।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব দ্রুত নিষ্পত্তির জন্য পাঠাতে বলা হয়েছে। এসব প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সারসংক্ষেপ বা সামারিও দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনিক কাজে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব।
সভায় ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সেই প্রশ্নও তোলা হয়। প্রশাসনের কোনো পর্যায়ে কাজের গতি কমিয়ে রাখার প্রবণতা রয়েছে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রটি জানায়।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত এক সচিব নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।
ওই সচিবের ভাষ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।
সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা আড়াইটায় শুরু হওয়া সভা চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যেই সচিব সভায় মাসটি প্রসঙ্গ হিসেবে উঠে আসে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তাঁর এ বক্তব্যের পর দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
গত ৯ নভেম্বর হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে ভারত থেকে তাঁর দেশে ফেরার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এর পর ডিসেম্বরে তাঁর দেশে ফেরার আলোচনা নতুন করে সামনে আসে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে বিবেচনার সুযোগ নেই। তাঁকে দেশে ফেরাতে পাসপোর্টের পরিবর্তে বিচারিক প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তরের দাবি জানাবে বাংলাদেশ।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিনার দেশে ফেরার আবেদন প্রসঙ্গে বলেন, আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। আবেদনটি যথাযথভাবে জমা দেওয়া হয়েছে কি না এবং আইনগতভাবে হাসিনার আবেদন করার সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে।
তিন উপজেলার মানুষের দুর্ভোগ, হালদায় সেতুর অপেক্ষায় প্রজন্মের পর প্রজন্ম
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪
হুমায়ূন আহমেদের জন্মদিনে পাঠক-ভক্তদের পদচারণায় মুখরিত নুহাশ পল্লী