রাজধানী ঢাকায় আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ, সৌরশক্তি, আলোকসজ্জা ও পানি খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত ৩১তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোসহ এসব প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে থাকবে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। খাতসংশ্লিষ্ট ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
বিল্ড সিরিজের আওতায় অনুষ্ঠিত হবে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ২৫তম রিয়েল এস্টেট এক্সপো। এতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, আধুনিক বিল্ডিং প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি ওয়্যারসহ বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।
এবারের প্রদর্শনীতে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে। সেখানে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী, প্রযুক্তি, পণ্য ও সেবা তুলে ধরবে।
পাওয়ার সিরিজের আওতায় থাকছে ২৮তম পাওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো।
এ প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির পাশাপাশি সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার ও মাউন্টিং সিস্টেম প্রদর্শন করা হবে। পাশাপাশি এলইডি, স্মার্ট ও ইন্টেলিজেন্ট লাইটিং, লাইটিং কন্ট্রোল এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও ডিজাইন প্রযুক্তিও তুলে ধরা হবে।
একই সময়ে অনুষ্ঠিত হবে ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। এতে পানি শোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, পানি বিশুদ্ধকরণ, ডিস্যালিনেশন, পানি বিতরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট-সংক্রান্ত প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হবে।
প্রদর্শনীগুলোর পাশাপাশি থাকছে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার।
আগামী ১০ নভেম্বর আইসিসিবির হল-২-এ ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর ১২ থেকে ১৪ নভেম্বর চলবে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার। এতে মাস্টারক্লাস, ট্রেন্ডসেটার্স সেশন, ফোকাস গ্রুপ এবং পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের ডিজিটাল উপস্থাপনাসহ বিভিন্ন আয়োজন থাকবে।
প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও জ্ঞানবিনিময় সেশনেরও আয়োজন করা হবে। এতে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
প্রদর্শনী উপলক্ষে ৩ নভেম্বর রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদ রিয়াদ হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আল-আমিন।
আয়োজকদের প্রত্যাশা, ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের দেশি-বিদেশি উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য নতুন প্রযুক্তি, পণ্য ও ব্যবসায়িক সম্ভাবনা জানার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।