দেশের বিদ্যমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রদর্শনীটির মূল আয়োজক ছিল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার উল্লেখ করেন, সময়ের সাথে সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বহুমাত্রিক রূপ নিয়েছে। একক রপ্তানি গন্তব্য হিসেবে আমেরিকা বাংলাদেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি জানান, গত তিন দশক ধরে অ্যামচেম বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এই ট্রেড শো দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের সুদৃঢ় অবস্থানকে তুলে ধরে।
এবারের প্রদর্শনীতে জ্বালানি, স্বাস্থ্য প্রযুক্তি, আইসিটি, ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং, শিক্ষাসহ নানা উদীয়মান খাতে যৌথ কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এসব খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে।
বিশেষ করে জ্বালানি সংকট মেটাতে বঙ্গোপসাগরের সম্ভাবনাময় অঞ্চলগুলোতে মার্কিন অনুসন্ধান ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত কার্যকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিন দিনব্যাপী এই প্রদর্শনী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ দেশি-বিদেশি কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।