কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের হাত থেকে অপহৃত নাগরিকদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনী ও সশস্ত্র পাচারকারীদের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রঙ্গীখালীর গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখে ১৫-১৬ জনের একটি সশস্ত্র পাচারকারী দল। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিকেল আনুমানিক ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়।
গোলাগুলির একপর্যায়ে সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে দ্রুত উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৫৭ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পাশাপাশি ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে আভিযানিক দল।
দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গকারী এই তরুণ সেনাসদস্যের বীরত্ব ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সূত্র: আইএসপিআর
বর্তমান আন্দোলন কোনোভাবেই শ্রমিকদের আন্দোলন নয় : ডিআইজি
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে স্পিকারের আহ্বান