নতুন দুই থানা-দুই পৌরসভা গঠনের অনুমোদন দিলো সরকার

দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা হবে মোকামতলা থানা।

এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও চূড়ান্ত করা হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় এটি স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দেয় স্থানীয় সরকার বিভাগ।