বাব আল-মান্দেব থেকে পিছু হটলো ইয়েমেনি বাহিনী, নিয়ন্ত্রণে হুথিরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির পাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ এই নৌপথটি ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে তারা বাব আল-মান্দাব প্রণালির কাছ থেকে সেনাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে।

গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে হুথিরা এলাকাটি দখল করে নেওয়ার পর সেটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছিল সরকারি বাহিনী। হুথিদের দখলের ফলে বৈশ্বিক তেল রপ্তানি ব্যাহত হয় এবং হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। রোববার হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে অক্টোবরের শুরুতে হুথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযানে সরকারি বাহিনী প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল। তার এক মাস আগে হুথিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দরনগরী মোখাসহ কয়েকটি এলাকা দখলের কথা জানিয়েছিল।

তবে রোববার (১৫ নভেম্বর) সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানায়, অন্য এলাকায় সেনাদের শক্তিশালী করতে তারা বাব আল-মান্দাব অঞ্চল থেকে সরে যাচ্ছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে। সামনের সারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাব আল-মান্দাব দখলের সময় হুথিরা দাবি করেছিল, এই নৌপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের জন্য তারা কোনো হুমকি নয়। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছিল তারা।

এই দখলের ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরনির্ভর হয়ে পড়েছিল।

এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। পাল্টা জবাবে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, লড়াই আরও তীব্র হওয়ার পর ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া শত শত মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর হুথিরা রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে। ২০১৫ সালে সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি আরব দেশ সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও বিস্তৃত হয়।

চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভাঙতে শুরু করে। ওই সময় হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণার পাশাপাশি দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের বন্দর ও বিমানবন্দরে সৌদি অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবেই তারা এসব হামলা চালিয়েছে। ওই বিমান হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে তারা।

সূত্র: বিবিসি

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত