ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন সভাপতি সমীরণ, সম্পাদক অমর জ্যোতি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বের পরিবর্তন এসেছে। সংগঠনটির চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমীরণ চাকমা চার্মীংকে সভাপতি, অমর জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ির মধুপুরে সংগঠনটির কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা জানান, চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মীং, সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক বাবু চাকমাসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন গড়ে তুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ইউপিডিএফ গণতান্ত্রিক। পাহাড়ের মানুষের কল্যাণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত