দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে, সেই প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ইউপি নির্বাচনের ধাপ ও প্রতিটি ধাপে ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
ইসি কমিশনার জানান, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।
আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে কোন কোন ইউনিয়নে নির্বাচন হবে, তা জানা যাবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়েই মূলত আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি জানান, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারিকে কেন্দ্র করে ৫০ দিন আগে বা পরে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।