২৩ নভেম্বর বসছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা

পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে অনিবার্য কারণ দেখিয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল। পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ দিতে এ বোর্ড গঠন করা হয়েছে।

অতীতের পাঁচটি মজুরি বোর্ডের আলোচনায় দেখা গেছে, শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষের প্রস্তাব ছিল তার অর্ধেক বা তারও কম। শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকদের প্রস্তাব অনেক কম হওয়ায় বিভিন্ন সময়ে অসন্তোষ ও আন্দোলনের সৃষ্টি হয়েছে। পরে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন এবং আলোচনা-দর-কষাকষির মাধ্যমে মালিকপক্ষ প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হয়েছে।