গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ছবি ও ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে মিছিল, সমাবেশ বা সভা আয়োজন বেআইনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনাও সরকার মেনে নেবে না।

তিনি বলেন, যাদের ছবি ও ভিডিওতে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে সেখানে যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে। অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম ও আনুপাতিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সে ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

জাহেদ উর রহমান বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা উচিত নয়। পুলিশ যেন পরিস্থিতি বিবেচনায় আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত কেউ এসব কর্মকাণ্ডে জড়ালে তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ঢাকায় এ ধরনের কর্মসূচির তেমন প্রভাব পড়বে না বলে সরকার মনে করছে। সারাদেশেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা করছে না সরকার। এর আগেও দলটির কর্মসূচি ছিল এবং সে সময় সরকারের অবস্থান জানানো হয়েছিল।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়। তবে কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশ যেন কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করা প্রয়োজন।

উপদেষ্টার ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস হয়ে উঠেছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি। এমনকি সরকারের সমালোচকেরাও এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপের প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে সেটি নিজে সমস্যা নয়। কারণ, তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হলে তা উদ্বেগজনক।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে। প্রয়োজন হলে প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের সর্বশেষ অবস্থা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ 

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে কী চাওয়া হচ্ছে এবং কীভাবে তা চাওয়া হবে, যথাসময়ে গণমাধ্যমের সামনে তা জানানো হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত করা হয়। গঙ্গা চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান যথাসময়ে জানানো হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত