বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের ১-ই ক্যাম্পের নিজের আশ্রয়কেন্দ্রে বসে মোবাইল ফোনে খবর দেখছিলেন উম্মে রুমান। বিকেল থেকেই আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে সরাসরি সম্প্রচার বারবার বিঘ্নিত হচ্ছিল।
একপর্যায়ে তিনি ফেসবুক খুলে একটি শিরোনাম দেখতে পান—‘মিয়ানমার গণহত্যা করেছে বলে নিশ্চিত করেছে আইসিজে’।
খবরটি দেখে আবেগাপ্লুত হয়ে লাফিয়ে ওঠেন রুমান। তখন তাঁর ভাবি রান্না করছিলেন। রুমান দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। কী ঘটেছে, তা বলার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
রুমান বলেন, ‘আনন্দাশ্রুতে উদ্যাপন করেছি। কারণ, এই প্রথম বিশ্ব স্বীকার করল আমাদের সঙ্গে কী ঘটেছিল।’
বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য দেশটিকে দায়ী করে রায় দেন। আদালতের পর্যবেক্ষণে ওই অভিযানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই ঐতিহাসিক রায়ে দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসা রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি মিলেছে। প্রায় এক দশক ধরে বিচারের অপেক্ষায় থাকা শরণার্থীদের কাছে রায়টি স্বস্তি, আবেগ ও নতুন আশার বার্তা নিয়ে এসেছে।
রুমান বলেন, ‘আমার কাছে এটি শুধু একটি আইনি রায় নয়। এটি আমাদের দুর্ভোগের প্রমাণ।’
শিবিরজুড়ে মানুষ মোবাইল ফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের ঘোষণা অনুসরণ করেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে খবরটি দেখেন। অনেকেই কার্যক্রম অনুসরণ করতে ফেসবুক ও ইউটিউমের সাহায্য নেন।
১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান তাঁর কমিউনিটি শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে রায় দেখেন। তিনি বলেন, ‘কিছু নারী কাঁদছিলেন, আবার কেউ কেউ আল্লাহর কাছে দোয়া করছিলেন। আমি বিশেষ কিছু করিনি। শুধু বসে শুনছিলাম—এমন কোনো সুসংবাদ পাওয়ার আশায়, যা ভবিষ্যতে আমাদের শান্তিপূর্ণ জীবন এনে দেবে।’
রেহানের প্রথম ভাবনা ছিল, এই রায় হয়তো রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলে দিতে পারে। তিনি বলেন, ‘শুধু বিষয়টি কল্পনা করেই আমি খুব খুশি হয়েছিলাম।’
খবরটি দ্রুত শিবিরের বিভিন্ন ব্লকে ছড়িয়ে পড়ে। রেহান জানান, মানুষ আনন্দ উদ্যাপন করছিলেন। বয়স্ক শরণার্থীরা মামলাটি এবং আদালতে তা নিয়ে যাওয়ার ক্ষেত্রে গাম্বিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করছিলেন।
পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার সরাসরি শিকার না হলেও ১৯৪৮ সালের গণহত্যা সনদের পক্ষভুক্ত রাষ্ট্র হিসেবে মামলাটি করে। ওই সনদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলোর গণহত্যা প্রতিরোধ ও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ২০২২ সালে আইসিজে রায় দেন, মামলাটি করার আইনগত অধিকার গাম্বিয়ার রয়েছে।
রেহান তাঁর মাকে রায়ের খবর জানালে তিনিও আনন্দিত হন। রেহান বলেন, ‘মা বলছিলেন, আমরা জিতে গেছি এবং নিজেদের মাতৃভূমিতে ফিরে যেতে পারব।’
তবে এই আনন্দ উদ্যাপনের পেছনে ছিল কঠিন জীবনযাপনের বাস্তবতা। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় আখওয়ানের অগ্রসর হওয়ার সময় শিবিরে বৃষ্টি হচ্ছিল। এতে গাদাগাদি করে তৈরি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়ে যায়।
এটি মনে করিয়ে দেয়, আদালতের রায় তাঁদের দুর্ভোগের স্বীকৃতি দিলেও শরণার্থীজীবনের দৈনন্দিন বাস্তবতায় কোনো পরিবর্তন আনেনি।
রোহিঙ্গা তরুণ নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দেওয়ায় তিনি খুশি হয়েছেন। তবে ঘোষণাটি তাঁর মনে পুরোনো বেদনাদায়ক স্মৃতিও ফিরিয়ে এনেছে।
তিনি বলেন, ‘আমি খুশি হয়েছিলাম, কিন্তু একই সঙ্গে ২০১৭ সালে আমাদের সঙ্গে যা ঘটেছিল, তা মনে পড়ছিল। ভয়াবহ সামরিক অভিযান, আমার ওপর ঘটে যাওয়া সহিংসতা এবং যে বাড়ি ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল—সবকিছু মনে পড়ছিল।’
রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহ বলেন, এই ঘোষণা তাঁর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন করে তুলেছে। এটি তাঁকে সম্প্রদায়ের হারানো মানুষদের কথা এবং বাস্তুচ্যুতির সবচেয়ে অন্ধকার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। তাঁর মতে, রায়টি স্বস্তি ও নতুন আশার মুহূর্ত হলেও এতে স্বজনদের ফিরিয়ে আনা কিংবা বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোহিঙ্গা সংকটবিষয়ক গবেষক নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য আইসিজের রায়টি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে আমরা উদার গণতন্ত্র, বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায়বিচারের কথা বলি। অথচ আমাদের চোখের সামনেই এত বড় একটি গণহত্যা সংঘটিত হয়েছে। বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠার জন্য এই রায় অপরিহার্য ছিল।’
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যেকোনো উদ্যোগে নিরাপদে দেশে ফেরার বিষয়ে মিয়ানমারের কাছ থেকে আরও জোরালো নিশ্চয়তা আদায় করতে হবে বাংলাদেশকে।
আলজাজিরাকে কুগেলম্যান বলেন, ‘আমার মনে হয়, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনার গতিপ্রকৃতিতেও এই রায়ের প্রভাব পড়বে। কারণ, এখন একটি আন্তর্জাতিক আদালত বলেছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।’
তবে রোহিঙ্গাদের কাছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এখনো নিজ দেশে ফিরে যাওয়া। তাঁরা নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহি, অধিকার ও নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চান।
নুরুল আমিন বলেন, তিনি আশা করেন, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু মানবিক সংকটের দিকেই নজর দেবে না, বরং তাঁদের বাস্তুচ্যুতির রাজনৈতিক কারণগুলোও সমাধানের উদ্যোগ নেবে। মিয়ানমারে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান এবং সামরিক একনায়কতন্ত্রের অবসান চান তিনি।
নুরুল আমিন বলেন, ‘আমরা আশা করছি, এই রায় আরও বড় পরিবর্তনের পথ তৈরি করবে—যাতে শেষ পর্যন্ত আমরা নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে দেশে ফিরতে পারি।’