২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে মিয়ানমারকে রাষ্ট্রীয়ভাবে দায়ী করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
এটি ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সম্পূর্ণ দায়ী সাব্যস্ত করার ক্ষেত্রে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের প্রথম রায়। গাম্বিয়ার করা মামলায় ১১টি দেশও বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপ করে।
আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে এসব অভিযান চালানো হয়েছিল।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। কোনো সরাসরি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র নয়, এমন একটি দেশ হিসেবে গণহত্যা সনদের অধীনে মামলা করার ক্ষেত্রে এটি ছিল নজিরবিহীন পদক্ষেপ।
২০২০ সালের জানুয়ারিতে আদালত রোহিঙ্গাদের অধিকার রক্ষায় মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন। ২০২২ সালের জুলাইয়ে মিয়ানমারের এখতিয়ারসংক্রান্ত আপত্তি খারিজ করা হয়। ২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ