২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন ও সহিংসতার ঘটনায় মিয়ানমার গণহত্যা করেছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আদালতটি।
২০১৯ সালে গাম্বিয়ার করা মামলাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব পেয়েছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় কোনো রাষ্ট্রকে কীভাবে দায়বদ্ধ করা যায়, তা নির্ধারণের ক্ষেত্রে এই রায়ের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আদালত বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত লঙ্ঘনের জন্য মিয়ানমার ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে ক্ষতিপূরণের ধরন ও পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
ঐতিহাসিক এই রায়ের পর বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন ও রোহিঙ্গা প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানিয়েছেন।
মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার
মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার (এনইউজি) আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব ও রায়কে সম্মান জানানোর কথা বলেছে। সাবেক নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সাবেক নেতাকর্মীদেরও এই সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক বিবৃতিতে এনইউজি জানায়, আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা তারা বিবেচনায় নেবে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্র
আইসিজের রায় পর্যালোচনা করে এর প্রভাব মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। আলজাজিরাকে দেওয়া বক্তব্যে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা ঠেকানোও জরুরি।
তিনি বলেন, রায়ের প্রভাব পুরোপুরি বুঝতে যুক্তরাষ্ট্র এটি পর্যালোচনা করছে। মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তিনি রোহিঙ্গা মুসলিমসহ দেশটির অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
গাম্বিয়া
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল গাম্বিয়া। ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দেশটি মামলাটি দায়ের করে। আইসিজের রায়কে ‘গভীর সন্তুষ্টির’ সঙ্গে স্বাগত জানিয়েছে গাম্বিয়া। দেশটির সরকার দিনটিকে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।
গাম্বিয়া বলেছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের। মিয়ানমারকে কোনো বিলম্ব না করে পূর্ণাঙ্গভাবে আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
বাংলাদেশ
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারকে দ্রুত রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশের মতে, এই সিদ্ধান্ত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মিয়ানমারের রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে প্রত্যাবাসনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
ইসলামি সহযোগিতা সংস্থা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলেছে, এই রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি করেছে এবং অপরাধের দায় থেকে অব্যাহতি না দেওয়ার নীতি প্রতিষ্ঠা করেছে।
জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধের দায়মুক্তি মেনে নেওয়া যায় না—রায়টি সেই নীতিরই পুনর্নিশ্চিতকরণ।
গুতেরেস উল্লেখ করেন, এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছেন। তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথে এই রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও রয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এ অঞ্চলে এখনো ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে এক লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আইসিজের রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে যে মানবজাতির জানা সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটির জন্য মিয়ানমার দায়ী।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ মানবতার জন্য একটি কলঙ্ক।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের সামরিক অ্যাটাশেকে বহিষ্কার এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে তাঁর সরকার। পাশাপাশি আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন তিনি।
দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মিলিব্যান্ড।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এই দিনটিকে সব রোহিঙ্গার জন্য গভীর আবেগের দিন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ন্যায়বিচারের সিদ্ধান্ত হয়েছে, তবে তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
রোহিঙ্গা অধিকারকর্মীরা
আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহসভাপতি ও অধিকারকর্মী নাই সান লুইন বলেছেন, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, পরিচয়ের স্বীকৃতি দিতে হবে এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
মিয়ানমারের নাগরিক সমাজের সংগঠনগুলো
রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর ২১৯টি নাগরিক সমাজের সংগঠনের একটি জোট আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে রায়টির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
জাস্টিস ফর মিয়ানমারে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনর্বহাল এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক নেতৃত্ব, বিশেষ করে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে অপরাধের দায়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও অধিকারকর্মী ওয়াই ওয়াই নু বলেছেন, রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার এবং দুর্ভোগকে অগ্রাহ্য করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনী কয়েক দশক ধরে যে চেষ্টা চালিয়ে আসছিল, এই রায় তা ভেঙে দিয়েছে।
তিনি বলেন, গণহত্যার দায় নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের অপরাধ না ঘটার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশের মধ্য দিয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত রাষ্ট্রীয়ভাবে প্রচারিত ওই মিথ্যাকে স্থায়ীভাবে চ্যালেঞ্জ করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ও কর্তৃত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে বেঁচে যাওয়া মানুষ, ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের বিরল একটি মুহূর্ত।
হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ আইনজীবী মারিয়া এলেনা ভিগনোলি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি একে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের বহু প্রতীক্ষিত স্বীকৃতি বলে উল্লেখ করেন।
অ্যানথ্রপিকের প্রায় সব কর্মীই এখন কোটিপতি
হরমুজের নিষিদ্ধ এলাকায় প্রবেশ, নৌমাইনের আঘাতে ট্যাংকারে আগুন
এক হাজারের বেশি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি নিয়ে আন্তর্জাতিক গবেষণা
ট্রাম্পের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক হলেন কার্স্টেন ডেভিস
ফোন ঝাঁকালেই পুলিশের কাছে যাবে জরুরি সংকেত