দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকা মজুরির তুলনায় এই নতুন কাঠামোতে বেতন বেড়েছে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ দর-কষাকষি শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। একপর্যায়ে মালিকপক্ষ ১৬ থেকে ১৭ হাজার এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাবে অনড় থাকলে বিষয়টি ভোটাভুটিতে গড়ায়।
রাত একটার পর বোর্ডের ছয়জন সদস্যের অংশগ্রহণে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিলেও বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে মত দেন।
ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয় বলে রাত সোয়া দুইটার দিকে নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তবে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত বোর্ড চেয়ারম্যান সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
নতুন এই কাঠামো অনুযায়ী চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এই বৈঠকে মালিকপক্ষ ধাপে ধাপে ১৫ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকার প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার প্রাথমিক দাবি থেকে সরে এসে সর্বশেষ ১৮ হাজার টাকায় অনড় ছিল।
বৈঠকে নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং শ্রমিক নেতা আনোয়ার হোসাইনসহ উভয় পক্ষের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভার বাইরে দুপুর থেকেই ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে বিকেলে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, সমঝোতার স্বার্থে তিনি মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আশা প্রকাশ করেন, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়েই একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত আসবে।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরুতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মাত্র ৬২৭ টাকা। সর্বশেষ ২০২৩ সালে ৫৬ শতাংশ বাড়িয়ে এই মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।