শ্রমিক আন্দোলনে বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও সদর এলাকার পোড়াবাড়িতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, সকালে ওই এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এসজেড
আরও পড়ুন