পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা আজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ চতুর্থবারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় দুটি বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে ওই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। সভায় প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ নিজেদের যুক্তি তুলে ধরে।

সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দেওয়া প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবও দেওয়া হয়। এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।

গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত