ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে; তারা কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,  শৃঙ্খলা ভঙ্গকারী বা ফ্যাসিস্ট শক্তির দোসরদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা হবে না। গুরুতর অপরাধ বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, অতীতে ফ্যাসিস্ট শক্তি পুলিশ বা অন্যান্য বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল এবং অনেককে অবৈধ আদেশ মানতে বাধ্য করেছিল। এরপরও সকলকে নিজেদের সংশোধন করে জনগণের আস্থা অর্জনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে যারা এখনো সেই শক্তির সাথে যোগাযোগ রাখছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের।