দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি। 

 

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

আইনশৃঙ্খলা ও সীমান্ত সুরক্ষা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

 

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’

 

সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

 

মাদক নির্মূলে আধুনিক প্রযুক্তি ও সামাজিক বিপ্লবের তাগিদ

 

বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশ করেন তিনি।

 

সীমান্তে নজরদারি বাড়ানোর বিষয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’

 

মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর জোর দিয়ে আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’

 

কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশ ও সমন্বিত অভিযান

 

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

এছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

 

স্থায়ী কমিটির এই বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো: কামরুজ্জামান, মো: মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।

 

এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত