দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।
রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, এই সপ্তাহেই হাইকোর্টে আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে নির্বাচন কমিশন এই দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি চাউর হয় যে, ড. এম এ কাইয়ুম ওশেনিয়া অঞ্চলের দেশ 'রিপাবলিক অব ভানুয়াতু'-র নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানে তাঁর সম্পদ রয়েছে। তবে গত ১৯ জানুয়ারি এক বিবৃতিতে কাইয়ুম এই অভিযোগগুলোকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেন।
তিনি বলেন, ‘ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি। ইন্টারনেটে আমার সই জাল করে ভুয়া পাসপোর্ট ও ডকুমেন্ট ছড়ানো হচ্ছে। কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার আকাঙ্ক্ষাও আমার নেই।’
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই অপপ্রচার চালাচ্ছে।
প্রার্থিতা বাতিলের এই আইনি লড়াই এমন এক সময়ে এলো যখন গতকালই কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হয়েছে। সেই আসনেও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। ফলে ঢাকা-১১ আসনের এই রিট নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।