আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।
আদালতের এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।’

শুরুতে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে হাসনাত আবদুল্লাহর করা ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বাতিল করে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা খারিজ হয়ে যায়। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করলেও আজ তা খারিজ করে চূড়ান্ত রায় দেওয়া হলো।
আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে দেবিদ্বার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না, যা নির্বাচনি সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে।
নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
