বিএনপির বাজেট নিয়ে জাতীয় পার্টির সমালোচনা

২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করলেও জাতীয় পার্টি এই বাজেটকে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক বলে অভিহিত করেছে।

সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

তিনি বলেন, “গণতান্ত্রিক বাজেট বলতে কী বোঝানো হয়েছে, তা আমার কাছে পরিষ্কার নয়।” অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে জরুরি বলে মন্তব্য করেন তিনি।

জিএম কাদের আরও বলেন, আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে তাদের সমর্থক একটি বড় জনগোষ্ঠী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছে। এই জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তিনি দাবি করেন, এই জনগোষ্ঠীর ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ যদি নিশ্চিত না করা হয়, তবে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে, যার গভীরতা ও মাত্রা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তার মতে, প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।