ভারতের সঙ্গে সম্পর্ক হউক সমতা ও সমমর্যাদার: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সমমর্যাদা নিশ্চিত হলে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চাই ভারতের সঙ্গে সম্পর্ক হউক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকার প্রধান ও দলীয় প্রধান উল্লেখ বলে জামায়াত আমির বলেন, তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।

সংগঠনের নেতাকর্মীদের উদ্যেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।  সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক (রোকন) সদস্য (নারী-পুরুষ) উপস্থিত ছিলেন।