‘আয়নাঘর’ ও গুমের নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াত আমিরের

গুমের মতো জঘন্য অপরাধের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সাথে নিখোঁজ সব নাগরিককে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি স্মরণ করেন শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ৭ শতাধিক মানুষকে। ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালার কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী মত দমনে এই নির্মম পথ বেছে নেওয়া হয়েছিল।

আমান আযমী ও ব্যারিস্টার আরমান ফিরে এলেও হাফেজ জাকির, শিবির নেতা মোকাদ্দাস, ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অনেকে এখনো নিখোঁজ। বছরের পর বছর স্বজনদের না পেয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।

অন্তর্বর্তী সরকারের তৈরি অধ্যাদেশ বাদ দিয়ে নতুন গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে ক্ষোভ জানান জামায়াত প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তভার আবার পুলিশের ওপর দেওয়া নিরপেক্ষতা নষ্ট করবে বলে তিনি মনে করেন।

নতুন খসড়ায় গুমের তথ্যভাণ্ডার সরকারের অধীনে রাখা এবং মানবাধিকার কমিশনকে তদন্ত থেকে বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, সুষ্ঠু তদন্তের জন্য একটি সম্পূর্ণ স্বাধীন ও বিশেষ আইনি কাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি।

প্রেস বিজ্ঞপ্তি