আমরা আপনাকে নিয়ে গর্বিত: সারজিস

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বাঁধনের প্রশংসা করে তার পাশে থাকার কথা জানান তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

বাঁধনকে আক্রমণের প্রসঙ্গে তিনি বলেন, যারা তাকে আক্রমণ করেছেন, তাদের বাঁধন ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তবে সারজিস তাদের কঠোর ভাষায় সমালোচনা করেন এবং অভিযোগ করেন, তারা খুনিদের দালালি করছে ও নিজেদের বিবেকবোধ বিসর্জন দিয়েছে।

পোস্টে সারজিস আরও দাবি করেন, শেখ হাসিনা তাদের সন্তান বা স্বজনদের হত্যা করলেও তারা তার পক্ষেই থাকত। তাদের ‘মনুষ্যত্ব পচে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনকে এসব ঘটনায় কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে সারজিস লেখেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না।’ একই সঙ্গে তার প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’

পোস্টের শেষে ইংরেজিতে সারজিস লেখেন, ‘We are proud of you Azmeri Haque.’