পূর্ব জেরুজালেমের আনাতা শহর এবং সংলগ্ন শুফাত শরণার্থী শিবিরে মঙ্গলবার ভোরে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সাঁজোয়া সামরিক যানবাহন ও বুলডোজার নিয়ে চালানো এই অভিযানে এলাকা দুটির মূল পানির পাইপলাইন ধ্বংস করে দেওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা'র বরাতে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা আনাতা ও শুফাত শিবিরের সবকটি প্রবেশপথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়, যার ফলে সাধারণ বাসিন্দাদের ভেতরে প্রবেশ বা বাইরে যাওয়া একেবারেই বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে লাউডস্পিকারে পুরো এলাকায় কারফিউ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দেওয়া হয়।
অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনী একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক তল্লাশি চালায়। একই সঙ্গে আনাতা শহরের প্রধান সুপেয় পানির পাইপলাইন গুঁড়িয়ে দেয় বুলডোজার দিয়ে। এই তাণ্ডবের পাশাপাশি অন্তত এক নারীসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে গ্রেপ্তার করে নিয়ে গেছে দখলদার বাহিনী।
জেরুজালেম গভর্নরেট ইসরায়েলি বাহিনীর এই সামরিক তাণ্ডবকে ‘পরিকল্পিত সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে একে গত মাসে জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী শিবিরে চালানো বৃহৎ আকারের অভিযানের সঙ্গেই তুলনা করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: আল-জাজিরা
‘ব্ল্যাকমেইল’ সহ্য করা হবে না, ইরানকে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে প্রতি ২ মিনিটে খরচ ১০ লাখ ডলার: মার্কিন সিনেটর