ফার্মগেটে ইয়াবাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীর ফার্মগেটে ৩ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রায়হান হোসেন রাহাতকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি মো. রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাহাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ফার্মগেট এলাকা থেকে রাহাত ও ওমর ফারুককে ৩ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে এসআরবি-১। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মঙ্গলবার রাহাত ও ওমর ফারুককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।